টেকনাফে সাবেক ইউপি সদস্য ইউনুছের মরদেহ উদ্ধার

নিহত মো. ইউনুছ (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ছিলেন।

কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার রাস্তার মাথায় প্রধান সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইউনুছ (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে ইউনুছ নিখোঁজ ছিলেন। সারা রাত খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী জানান, মঙ্গলবার রাতে ইউনুছ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলমের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে পুরোনো টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ করেন তারা। রাতে ইউনুছ তার স্ত্রীকে ফোনে বিষয়টি জানান। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে গাড়িতে করে রাস্তার মাথার খালে ফেলে দেয়া হয় বলে দাবি স্থানীয়দের। তারা জানান, ঘটনার পর থেকে মো. আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, মো. আলম ও তার স্ত্রীকে আটক করলে হত্যার কারণ বেরিয়ে আসবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও