বিদ্যুৎ ব্যয় সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ ৩৩ থেকে ৩৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। এ ব্যয় কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উপাচার্য বলেন, প্রায় ১০০ একর আয়তনের বিশ্ববিদ্যালয়টিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে একটি এআই ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থা থেকে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে। দৈনিক গড়ে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ৬৩ ইউনিট। এ সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ব্যয় হবে প্রায় সাড়ে পাঁচ টাকা। অন্যদিকে, প্রচলিত ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ব্যয় হচ্ছে প্রায় ১০ টাকা। এ হিসাবে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিটে প্রায় সাড়ে চার টাকা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনা সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় অনেকাংশে কমিয়ে আনা যাবে। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথও সুগম হবে।