আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি দেশে সরকার কতদিন মূল্য সমন্বয় না করে থাকতে পারে, সেই প্রশ্নও তিনি তুলে ধরেন।

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ায় আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

আজ শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিরা উপস্থিত ছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি দেশে সরকার কতদিন মূল্য সমন্বয় না করে থাকতে পারে, সেই প্রশ্নও তিনি তুলে ধরেন।

তবে জনগণের কথা বিবেচনা করেই সরকার জ্বালানির দাম সমন্বয় করছে বলে জানান তিনি। একই সঙ্গে নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি শিশুদেরও জ্বালানির পরিমিত ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব দেন।

শিক্ষকদের প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলেও জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ধরনের শিক্ষার্থীদের দায়িত্ব সরকার নেবে বলে তিনি উল্লেখ করেন।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

আরও