যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরেছেন আরো ১৬৭ যাত্রী। গতকাল দুপুরে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ১৬৭ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ যাত্রীদের মধ্যে ১৪৪ জনই সিলেটের।
এর আগে গত বৃহস্পতিবার ২০২ যাত্রী নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট লন্ডন থেকে সিলেট আসে। এ ২০২ জনের মধ্যে ১৬৫ জন সিলেটের ছিলেন। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে বেশির ভাগই সিলেটের বাসিন্দা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ নম্বরের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে আসা ১৬৭ যাত্রীর মধ্যে ১৪৪ জনই সিলেটের। বাকি ২৭ যাত্রীকে নিয়ে বেলা সোয়া ১টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ছাড়ে উড়োজাহাজটি। এ ফ্লাইটে সিলেটে নামা ১৪৪ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন হাফিজ আহমদ।