ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো দেশের আট বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে রাজশাহীসহ সাত বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এসব শহর হলো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট। ওই সিদ্ধান্তে বরিশাল বিভাগ ছিল না। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালেও পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনা করা হয়। ফলে এবার প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় সাত বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে এই বিভাগকেও পরীক্ষার কেন্দ্র হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে দুটি নতুন আঞ্চলিক বিভাগকে পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছিল। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। এতে দেশের সব বিভাগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল লক্ষ্য।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাবির স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে।
এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ভর্তি পরীক্ষার কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।