বৈরি আবহাওয়ার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাত আটটার দিকে ঝড়ো বাতাস কমে গেলে ফেরি চলাচল চালু করা হয়।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে সাগরে নিম্নচাপের কারণে সারা দেশে অভ্যন্তরীণ রুটে ৩ ও ২ নম্বর নৌ সংকেত চলছে। বৈরি আবহাওয়ার কারণে মাঝ যমুনা নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। যার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। লঞ্চ-স্পিডবোটগুলোকে নিরাপদে তীরে নোঙর করে রাখা হয়। সকাল থেকেই স্বল্প পরিসরে ফেরি চলাচল করতে থাকে। বিকাল ৪টার দিকে নদী উত্তাল হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে রাত ৮টার দিকে ঝড়ো বাতাস কমে গিয়ে নদী কিছুটা শান্ত হয়ে আসায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।