রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালট চিহ্নের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার রুশ দূতাবাস পাঠানো এক বিবৃতিতে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়। কমিশনার পাভেল আন্দ্রেয়েভ-এর নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) প্রতিনিধি দল বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ শেষে এ প্রতিক্রিয়া জানায়।
প্রতিক্রিয়ায় পর্যবেক্ষক দলটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল, কোথাও কোথাও উৎসবমুখর পরিবেশও দেখা গেছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি ১১-১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করে। এ সময় রাশিয়ান সিইসি ও বাংলাদেশে অবস্থিত রুশ দূতাবাসের পর্যবেক্ষকরা ঢাকা ও নারায়ণগঞ্জের মোট আটটি ভোটকেন্দ্রের ৪০টির বেশি বুথ পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শুরুর সময় থেকে শুরু করে ভোট গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপে তারা উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষকরা জানান, সমন্বিত ভোটপ্রক্রিয়া পরিচালনায় নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তুতি ছিল দৃঢ় ও সুসংগঠিত। জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালনে ছিলেন সম্পূর্ণ প্রস্তুত। স্বচ্ছতা নিশ্চিত করতে পোলিং অফিসার ও রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা সমন্বিতভাবে কাজ করেছেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও ইতিবাচক মন্তব্য করেছে প্রতিনিধি দলটি। প্রায় নয় লাখ পুলিশ ও সেনাসদস্য মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা ছিল অত্যন্ত জোরদার। আইন অনুযায়ী শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচন প্রক্রিয়া বা পরিবেশে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।
নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রাশিয়ার সিইসি চেয়ারপারসন এলা পামফিলোভা-এর পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ২০২৪ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছিল। ২০১৯ সাল থেকে রাশিয়া ও বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে একটি সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে, যা দুই দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক ভূমিকা রাখছে।