ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের সড়ক অবরোধ ঘিরে জালকুড়ি এলাকায় পুলিশের সঙ্গে মঙ্গলবার বিকেলে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে না ফিরে কারখানার সামনে অবস্থান নেন। পরবর্তীতে অন্যান্য কারখানা ছুটি ঘোষণা করা হলে আশপাশের আরও বহু শ্রমিক এসে আন্দোলনে যুক্ত হন।
বিক্ষুব্ধ শ্রমিকরা সংগঠিত হয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তবে পুলিশের বাধা অতিক্রম করে তারা মূল সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিকেলে জালকুড়ি এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ পরিস্থিতি সামলাতে টিয়ারগ্যাস ব্যবহার করে। বিকেল ৫টা পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং যৌথভাবে কাজ চালানো হচ্ছে। নারায়ণগঞ্জের জালকুড়িতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আধা ঘণ্টার সংঘর্ষের পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে।