গাজীপুরে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা

হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে সারা দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে গাজীপুরে টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় জেলার ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে এ টিকে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গাজীপুরে কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি এবং বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৫টি জোনে মোট ১ লাখ ৭৬ হাজার ১৩১ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

এদিন সকালে অপর একটি অনুষ্ঠানে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, স্বাস্ব্য কর্মকর্তা রহমত উল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ জানান, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা একজন আক্রান্ত ব্যক্তি হতে হাঁচি, কাশির মাধ্যমে অন্যান্য সুস্থ মানুষকে সংক্রমিত করে। এছাড়া গর্ভবতী নারী গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে ৯০ শতাংশ ক্ষেত্রে গর্ভের শিশু আক্রান্ত হয়ে মিসক্যারেজ, মৃত সন্তান প্রসব অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে। বর্তমানে সারা দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম রুবেলা থেকে রক্ষা পেতে জনসচেতনতার পাশাপাশি শিশুকে টিকা দেয়া একান্ত প্রয়োজন।

আরও