নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একত্রিত হয়ে রামকৃষ্ণপুর এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ সুজাত মণ্ডলসহ দুজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মণ্ডলপাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাঁড়াশি অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি।’