কুড়িগ্রামে বসতবাড়ির পাশে ১০ ফুট লম্বা অজগর

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে এক ব্যক্তির বাড়ির পাশের একটি গাছে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় করেন শত শত মানুষ।

স্থানীয়রা জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এক শিশু শাক তুলতে যাওয়ার সময় গাছের গোড়ায় অজগরটিকে দেখতে পায়। ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাপটি ভয় পেয়ে গাছে উঠে যায়। স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী ধরলা নদী থেকে এটি ভেসে আসতে পারে।

খবর পেয়ে ‘গ্রিন ভিলেজ ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সেটি বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়। আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা জানায় বন বিভাগ।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘এ এলাকায় এ ধরনের সাপ আগে দেখা যায়নি। এ নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক কাজ করছে।’

বন বিভাগের কর্মী আশরাফুল হক জানান, সাপটি উদ্ধার করে বন অফিসে রাখা হয়েছে। শিগগিরই নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হবে।

‘গ্রীন ভিলেজ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, ‘উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা কুড়িগ্রামে বন্যপ্রাণী উদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছে।’

আরও