নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। আইভীকে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচটি মামলার মধ্যে চারটি হয়েছে ফতুল্লা মডেল থানায়।
মামলাগুলো হলো জুলাই বিপ্লবের সময় বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা ও পারভেজ হত্যা মামলা। নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে মামলাগুলো করেছেন। অন্য মামলার বাদী পুলিশ। সদর মডেল থানায় হওয়া এ মামলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ করা হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘ফতুল্লা থানার চারটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার মামলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয়। শুনানির সময় সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।’
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে ছয় মাস ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন আইভী। পরে আরো চারটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে ওই পাঁচ মামলায় জামিন দেন। তবে নতুন করে আরো পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক এ মেয়রকে।