ছুটির দিন হলেও আজ সকালের ঢাকার বাতাসের মানে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় এদিন পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার বায়ুর মান ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ২১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।