২০২৬-২৭ শিক্ষাবর্ষ

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে

সূচি অনুযায়ী আইবিএ ইউনিটের পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদনের তারিখ ও পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানান হয়, আগামী ১১ নভেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরজুড়ে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি এবারও ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজন, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র এবং আগামী ২৮ মার্চ নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

সভার আরো সিদ্ধান্ত নেয়া হয়, এবারও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা এবং আইবিএ— এ পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী আইবিএ ইউনিটের পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র থাকবে।

পরীক্ষা পদ্ধতিতে সাধারণ তিন ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ইউনিটে এমসিকিউ ও লিখিত অংশের জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। চারুকলায় এমসিকিউর জন্য ৩০ মিনিট ও অঙ্কনের জন্য ৬০ মিনিট এবং আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় থাকবে।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় থাকবে ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুক্ত হবে ২০ নম্বর।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে।

তবে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ ইউনিটে আবেদন করতে পারবেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা ইউনিটের ক্ষেত্রেও পৃথক জিপিএ শর্ত নির্ধারণ করা হয়েছে।

আরও