৩৫ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ইউরোপ। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ফিরেছেন ছয়জন। ইমিগ্রেশন পুলিশ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশীদের বিমানবন্দরে জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি বিশেষ বিমানে করে ৩৫ বাংলাদেশী আজ সকালে ঢাকায় এসেছেন। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন দেশে ফিরছেন। তাদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্প থেকে বিমানবন্দরে সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে সবাইকে অর্থনৈতিক সহায়তা করা হবে।
ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশীদের ফেরত আনতে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার অভিবাসনপ্রত্যাশী ফেরত এসেছেন। সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে সবচেয়ে বেশি ফেরত এসেছেন।
এ বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা সবচেয়ে বেশি লোক তারা পেয়েছেন ইতালি, গ্রীস ও জার্মান থেকে। যারা ফেরত এসেছেন তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা, কাউন্সেলিং ও পরে অর্থনৈতিক সহায়তা দেয়া হয় যাতে তারা ফের ঘুরে দাঁড়াতে পারেন। পাশাপাশি ঝুঁকি নিয়ে যেন লোকজন ইউরোপে না যায় সেজন্য সারাদেশে সচেতনতা তৈরির কাজ চলছে। পাশাপাশি ইউরোপ বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার উদ্যোগ নিয়েছে।