জাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবি

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়ক এলাকায় ছুরিকাঘাতে আহত হন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল গেট সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. রাসেল হোসেন নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পৃথকভাবে দুটি বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, বিশ্ববিদ্যালয় ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা প্রথম থেকেই নতুন প্রশাসনকে জানিয়ে আসছি, তাদেরকে সাবধান করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদেই আমরা বিক্ষোপ মিছিল করেছি। প্রশাসনকে দ্রুত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নবীন শিক্ষার্থীরা এসে যেন কোনো ভোগান্তিতে না পড়েন, সেটাও নিশ্চিত করতে হবে তাদের।

সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের প্রতিবাদ আজ নতুন নয়। এর আগেও অনেকবার আমরা এর প্রতিবাদ জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আমাদের আশ্বস্ত করে গিয়েছে, কিন্তু কখনোই কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতদিন আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছি কিন্তু আজ হুঁশিয়ারি দিতে এসেছি। এরপরও বিশ্ববিদ্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, এর দায় সম্পূর্ণ প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই এর জবাব দিতে হবে।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি থেকে বিশমাইল এলাকায় পুলিশ বক্স স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিন বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানবন্ধন করেন তারা।

ওই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, এই অপরাধ বন্ধে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরো জোরদার করতে হবে। এই এলাকায় এবং আশপাশে পুলিশের টহল বাড়াতে হবে। রাস্তায় সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিংয়ের আওতায় আনতে হবে এবং অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

ছাত্রদলের আরেক কর্মী ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আদনান করিম বলেন, সিঅ্যান্ডবি থেকে বিশমাইল এলাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা গত কয়েক বছর ধরে নিয়মিত ঘটছে। আমরা কয়েকবার সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানায় অভিযোগ করার পরেও তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যথিত। গত ৩০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের দেখে আসছি। এটা কোনোভাবে কাম্য নয়। প্রশাসন থেকে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান। দ্রুত এমএইচ গেট সংলগ্ন এলাকায় একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত আলো নিশ্চিতেরও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত আটটায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন। তিনি তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

আরও