হত্যাকারী যে দলের-বর্ণেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে।’
গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ৯ জুন রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন কৃষক দল নেতা বাদল মোড়ল। ১০ জুন বিকালে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাদলের দাফন সম্পন্ন হয়।
ডেপুটি স্পিকার বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম করার জন্য, দেশকে সাংবিধানিকভাবে পরিচালিত করার জন্য এর আগে যারা জীবন দিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশা আল্লাহ।’ তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিবাদীর অধীনে ছিলাম, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতাকে খর্ব করা নয়, মৌলিক অধিকার হরণ করা নয়, স্বাধীনতা মানে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।’
নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন শুধু জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য।’ তাই যার যার অবস্থান থেকে সবাই প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা কামনা করেন তিনি।
বাগেরহাট জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বযক এমএ সালাম, ছাত্রনেতা রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।