বাংলাদেশে বিদেশী পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ নিজস্ব বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান এ সুবিধা পাবে। আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অনুমোদিত অন্যান্য পরিশোধ পদ্ধতির মাধ্যমে সম্পন্ন লেনদেনের বিপরীতে এ সুবিধা প্রযোজ্য হবে।
এ বিষয়ে আজ রোববার দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট ৮৫ শতাংশ বাংলাদেশি টাকায় ভাঙাতে হবে। এফসি হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতায় বৈধ বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কর্তন ও পরিশোধ নিশ্চিত করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিক কার্ডসহ অনুমোদিত অন্যান্য মাধ্যমে অর্থ গ্রহণের যথাযথ ব্যবস্থা রাখে, তাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান এবং কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন দাখিলের শর্ত যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।