ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর নাম প্রস্তাব করেন এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন। সংসদে উত্তাপিত প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। এর মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদের স্পিকার নির্বাচিত হন।
সে সঙ্গে, আজ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ প্রস্তাবে সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দীন নিজাম।
সংসদের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন এসময় কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে নির্বাচন করতে সংসদ সদস্যদের ভোটাভুটির জন্য উপস্থাপন করেন এবং সংসদ সদস্যদের কণ্ঠভোটে কায়সার কামাল নির্বাচিত হন।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেফতার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে। এ অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।