জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
বৃহস্পতিবার ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা নির্বাচন কর্মকর্তাদের। আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে গিয়ে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত এ হলে ভোট দিয়েছেন ১০৫ জন শিক্ষার্থী। হলটিতে ভোটারের সংখ্যা ৪৫৬। যদিও এ কেন্দ্রে হল সংসদের কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের প্রার্থীদেরই ভোট দিচ্ছেন ভোটাররা।
সুফিয়া কামাল হলের পোলিং অফিসার আমিনা মোমী বলেন, আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি সময়ের সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়বে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। এ কেন্দ্রে মোট ভোটার ৬৫০ জন।
শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে ২৩টি। এখানে মোট ভোটার ২৯৯ জন। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা এস এম মওদুদ আহমেদ জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর ৯টা ৪০ পর্যন্ত ভোট দিয়েছেন পাঁচজন। ধীরে ধীরে ভোটার বাড়বে বলে আশা করছেন তিনি।