কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাদের দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি বলেন, এরই মধ্যে আমাদের সঙ্গে বিএসএফের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই আমাদের দুজন পুলিশ সদস্যকে ফেরত পাব। সে প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি।
বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।
ঘটনাস্থলের ভৌগোলিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আমরা আশাবাদী, খুব শিগগিরই দুই দেশের মধ্যে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।