কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুজনকে মৃত্যুদণ্ড ও দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেয়া হয়েছে।
পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় রামু থানায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগের ভিত্তিতে আদালত বিচারকাজ শুরু করেন। সাক্ষ্য ও প্রমাণ যাচাই শেষে একজনকে খালাস, দুজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন দিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।
পিপি আরো জানান, বিচারচলাকালে আসামি পাঁচজনই বিভিন্ন সময়ে জামিনে মুক্তি পান। পরে চারজন পালিয়ে যায়। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও বাকি চারজন উপস্থিত ছিলেন না।