রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক প্রস্তুতকারককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানায় মজুত থাকা ২৭০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মৃত বশির উদ্দিন শেখের ছেলে বিল্লাল শেখের পরিচালিত গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানে ভারতীয় গুড় ও চিনি মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পায় প্রশাসন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারা অনুযায়ী বিল্লাল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ও কারখানায় থাকা ২৭০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, গতকাল শুক্রবার বণিক বার্তা পত্রিকায় ‘রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ভেজাল গুড় যাচ্ছে বিভিন্ন জেলায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি নজরে আসার পরই বালিয়াকান্দি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।