চাঁদপুরে ব্যাপক আকারে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। ক্রমে ছড়িয়ে পড়ছে রোগটি। পাশাপাশি দেখা দিয়েছে খুরা রোগ। তবে প্রাণিসম্পদ অফিসের খাতায় এ পর্যন্ত লাম্পি স্কিন রোগে কোনো গরু মারা যায়নি বলে উল্লেখ রয়েছে। চলতি বছরের আগস্ট থেকে এ রোগ জেলার বিভিন্ন উপজেলায় দেখা দেয়। এ রোগের কারণে ঝুঁকি বাড়ছে দুগ্ধ ও চামড়া শিল্পে। এ রোগে আক্রান্তের কারণে পশুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়। আবার গাভী আক্রান্ত হলে দুধের উৎপাদন কমে যায়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট-বড় খামারিরা।
এক পরিসংখ্যানে দেখা গেছে, চাঁদপুর জেলায় ৮৯টি ইউনিয়নে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৪৫টি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। টিকা দেয়া হয়েছে ১২০টি গরুর। আক্রান্ত গরুর অধিকাংশ চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় প্রাণিসম্পদ বিভাগ। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা আরো বেশি। জেলার আট উপজেলায় গরুর খামার রয়েছে ৯২৫টি। তবে কয়টি খামারে গরু আক্রান্ত হয়েছে এমন কোনো হিসাব স্থানীয় অফিসে নেই। কর্তৃপক্ষ বলছে, আট উপজেলায় লাম্পি স্কিন রোগে গরু আক্রান্ত হয়েছে।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোবারক হোসেন বণিক বার্তাকে বলেন, ‘লাম্পি স্কিন রোগের টিকা এখনো তৈরি হয়নি। গো-বসন্ত টিকা দিয়েই চিকিৎসা চলছে। এ টিকারও সংকট রয়েছে। লাম্পি স্কিন রোগ সামাজিকভাবে প্রতিরোধ সম্ভব। আক্রান্ত গরুকে ব্যথার ওষুধ, নিমপাতার রস, আদার রস, লবণ খাওয়ানো যেতে পারে।’
কচুয়া উপজেলার দুগ্ধ খামারি মোহসেনা বলেন, ‘আগে বর্ষাকালে খুরা রোগ দেখা দিত। এখনো দেখা দিয়েছে। তবে গত চার-পাঁচ বছর ধরে লাম্পি স্কিন রোগ নতুন করে দেখা দিয়েছে। লাম্পি স্কিন গরুর জন্য একটি ভয়ংকর ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের ক্ষতির কারণ। আমার খামারে এ রোগ দুটি গরুতে দেখা দিয়েছে। চিকিৎসা দেয়ার পর এখন কিছুটা উন্নতি হয়েছে।’
কচুয়ার গ্রাম্য পশু ডাক্তার গাজী হাসান জানান, এ উপজেলার বিভিন্ন খামার ও কৃষকের বাড়িতে পালন করা গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম খান বণিক বার্তাকে বলেন, ‘যারা আক্রান্ত গরু আমাদের কাছে নিয়ে এসেছেন তাদের ভ্যাকসিন দেয়ার পরামর্শ দিচ্ছি। এছাড়া এ রোগটি ডেঙ্গু রোগের মতো মশা-মাছি এবং সুচ দ্বারা ছড়িয়ে পড়ে। সে কারণে আক্রান্ত গরু অবশ্যই আলাদা করে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে।’