যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা গমের দ্বিতীয় চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। দেশটির করপাস ক্রিস্টি বন্দর থেকে ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে গতকাল ‘এমভি স্পার এরিস’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত জিটুজি চুক্তি নং ১-এর অধীনে দ্বিতীয় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করেছে।
জানা গেছে, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম আমদানি শুরু হয়েছে। প্রথমে ৫৬ হাজার ৯৫৯ টন গম নিয়ে ‘এমভি নোর্স স্ট্রাইড’ নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছিল। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে।
গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।