টিকেট নিয়ে অনিয়ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ কারণে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি। আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মামলার বাদী রনি, সহজ ও বিকাশের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি।
এ রায়ে মহিউদ্দিন রনি সন্তোষ প্রকাশ করেছেন। সহজের আইনজীবী মির্জা রাগিব হাসনাত জানান, তারা এই রায়ের সঙ্গে একমত নন। এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।
গত ১৩ দিন ধরে রেলের অব্যবস্থাপনার নিয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ছয়দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন এ শিক্ষার্থী। শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন। গত কদিন ধরেই তারা কমলাপুর স্টেশনে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।
তার অভিযোগ, গত ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের আসন নিবন্ধনের চেষ্টা করেন তিনি। কিন্তু মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড দিয়ে তার পিন কোড ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু ট্রেনের কোনো আসন পাননি, এমনকি কেন টাকা নেয়া হলো, তার কোনো রশিদও দেয়া হয়নি।