কুড়িগ্রামের উলিপুর উপজেলা সীমান্তে বাংলাদেশী ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশে ফেলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার দইখাওয়া সীমান্তে বিএসএফের ছোড়া ককটেল ও শর্টগানের গুলিতে তারা গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও আব্দুল মজিদ মন্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)। পুলিশ পাহারায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
চিকিৎসাধীন ভারতীয় নাগরিকদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়নপুর স্থলবন্দর দিয়ে গরু পারাপার করছিলেন ভারতীয় নাগরিক ইসমাইল হোসেন ও খাজা আব্দুল আলীম। এ সময় বাংলাদেশী নাগরিক ভেবে ভারতীয় বিএসএফ তাদের ওপর ককটেল ও শর্টগানের গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের অজ্ঞাত একটি চর এলাকায় ফেলে রেখে যায়।
সনাতন চক্রবর্তী বলেন, সীমান্ত এলাকার কুড়িগ্রামের উলিপুরে যাত্রাপুর-আইলমারীর স্থানীয়রা ইসমাইল ও আলীমকে উদ্ধার করে সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।