বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বণিক বার্তাকে এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী ঘোষণা করেন।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে বলে জানিয়েছেন।
দলের মনোনয়ন না পাওয়া নিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু মনোনয়নপত্র কিনব। বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে তারা জোট করেছেন। আসন না দিলে তো জোট হয় না। মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল আসনটি ছেড়ে দিয়েছে।