সাশ্রয়ী ও মানসম্মত টেলিযোগাযোগসেবা নিশ্চিত করাই লক্ষ্য —ফকির মাহবুব আনাম

মন্ত্রী জানান, টেলিযোগাযোগ অবকাঠামোর মধ্যে রয়েছে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, ৪৬ হাজার টাওয়ার এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক।

সাশ্রয়ী মূল্যে মানসম্মত টেলিযোগাযোগসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি)-এর ‘এডব্লিউজি-৩৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, টেলিযোগাযোগ অবকাঠামোর মধ্যে রয়েছে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, ৪৬ হাজার টাওয়ার এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক।

মন্ত্রী বলেন, ‘এসব পরিসংখ্যান দেশের টেলিযোগাযোগ খাতের ব্যাপকতা তুলে ধরে। তবে এখন সরকারের লক্ষ্য শুধু আরো বেশি কানেক্টিভিটি নয়, বরং সেবার মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা। ডিজিটাল সংযোগের মাধ্যমে নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের যেকোনো প্রান্তের মানুষকে প্রযুক্তির সুফল পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি। এপিটির মহাসচিব মাসানোরি কোন্দো, এপিটির সভাপতি ডেইজাং কিম বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

আরও