ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। আজ সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
কসবা থানা পুলিশ জানিয়েছে, সকালে চারগাছ থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহকারীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান।
কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম বলেন, দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।