জুলাই সনদ বাস্তবায়নে সরকার ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। সনদের প্রতিটি দাঁড়ি-কমা পর্যন্ত বাস্তবায়ন করা হবে।
আজ শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল সই করেছে। তবে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে এবং সেসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার এগোচ্ছে।
আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দক্ষ আইনজীবী ছাড়া মানসম্পন্ন বিচারক তৈরি সম্ভব নয়। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের সব জেলা বারে প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত সম্ভব। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু। এতে ১৭৪ নবীন আইনজীবীকে সংবর্ধনা দেয়া হয় এবং নির্বাচিত কমিটিকেও সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।