আজকের পর রাজশাহীতে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা ২০ পয়সার বেশি নেয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল রাজশাহীর পবা উপজেলার তকিপুরে জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। এ সময় সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের অন্য নেতা ও চাষীরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম বলেন, ‘রাজশাহীর জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত কমিটি আলু সংরক্ষণের জন্য বস্তাপ্রতি প্রথম পাঁচ কেজি বাদ দিয়ে অবশিষ্ট আলুর প্রতি কেজির ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। রাজশাহীর ভৌগোলিক ও সংরক্ষণ ব্যয়ের বাস্তবতা বিবেচনায় এ ভাড়াকেই যৌক্তিক বলে মনে করছেন তারা।’
তিনি বলেন, ‘দেশের প্রায় ২৬টি আলু উৎপাদনকারী জেলার সুপারিশ বিবেচনা করে জাতীয় পর্যায়ে গড় ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের প্রস্তাব এসেছে। রাজশাহীর ক্ষেত্রে জেলা কমিটির সুপারিশ অনুযায়ী ভাড়া ৪ টাকা ৬০ পয়সা হওয়া উচিত। তবে জাতীয় স্বার্থে তারা ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিতে প্রস্তুত। এর বেশি ভাড়া নির্ধারণ করা হলে তা তারা মেনে নেবেন না।’