বরিশালে হাফ ভাড়া না নেয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
টানা দুই ঘণ্টা বাস ভাংচুর ও সড়কে অগ্নিসংযোগের পর রাত ৯টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা গেছে, মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফভাড়া চাইলে বাসশ্রমিকরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে শিক্ষার্থীরা বাস ভাংচুর ও সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে সেখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।