রবির প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬-এ আইসিটি সচিব

ডিজিটাল রূপান্তরে নাগরিকের ব্যাক্তিগত তথ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে সরকার

আইসিটি সচিব বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা শুধু আইনি বিষয় নয়, এটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হওয়া প্রয়োজন। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কর্তৃপক্ষ গঠনের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। কর্তৃপক্ষ গঠিত না হওয়া পর্যন্ত আইসিটি বিভাগ প্রাথমিক বিধিমালা, নির্দেশিকা ও প্রয়োজনীয় উপকরণ তৈরির কাজ করবে।

ডিজিটাল রূপান্তরের সঙ্গে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন, প্রয়োজনীয় বিধিমালা ও নির্দেশিকা প্রণয়ন এবং সরকারি তথ্যভান্ডারগুলোর মধ্যে সমন্বিত কাঠামো তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে রবি আজিয়াটা পিএলসি আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব মো. মামুনুর রশিদ ভুঁঞা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা এবং আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ চিফ রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার আবিদ অ্যাডাম।

আইসিটি সচিব বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা শুধু আইনি বিষয় নয়, এটি প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হওয়া প্রয়োজন। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কর্তৃপক্ষ গঠনের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। কর্তৃপক্ষ গঠিত না হওয়া পর্যন্ত আইসিটি বিভাগ প্রাথমিক বিধিমালা, নির্দেশিকা ও প্রয়োজনীয় উপকরণ তৈরির কাজ করবে। সরকারি তথ্যভান্ডারগুলোকে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে না এনে আন্তঃসংযোগের মাধ্যমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ না করা, দায়িত্ব বণ্টন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত ঘটনা মোকাবেলায় প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন তিনি।

আজিয়াটা গ্রুপ বারহাদের গ্রুপ চিফ রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার আবিদ অ্যাডাম বলেন, সাইবার নিরাপত্তায় কোনো প্রতিষ্ঠান আক্রান্ত হবে কি না, তার চেয়ে কখন আক্রান্ত হবে—সেই প্রস্তুতি নেয়া বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ফাঁস বা সাইবার হামলার পর দ্রুত সিদ্ধান্ত, দায়িত্ব বণ্টন, সমন্বয় ও সেবা সচল রাখার পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত মহড়া ও কর্মীদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কেবল আইন মেনে চলার বিষয় নয়, এটি গ্রাহকের আস্থা ও নিরাপত্তার ভিত্তি। তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি, তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কারা কোন তথ্য ব্যবহার করতে পারবে, তা নির্ধারণ করা জরুরি। কর্মী, সরবরাহকারী ও তৃতীয় পক্ষের তথ্য ব্যবহারের ক্ষেত্রেও কার্যকর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। এআই ব্যবস্থায় কোন তথ্য ব্যবহৃত হচ্ছে, কারা তা পাচ্ছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করছে—এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, তথ্য ব্যবহারের অনুমতি মানেই যেকোনো উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি নয়।

অনুষ্ঠানে প্রতিযোগিতার সেরা ১০ দলকে পুরস্কৃত করে রবি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। এজেন্টওয়ান প্রথম এবং সেড পিপল দ্বিতীয় রানার-আপ হয়েছে। বিজয়ীদের মধ্যে মোট পাঁচ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়।

আরও