কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা মামলার প্রধান আসামি আব্দুস সালামকে (৪৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১৩।
গ্রেফতার আব্দুস সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি একটি মাদরাসার সাবেক সুপার ছিলেন।
গতকাল এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরে রংপুরের একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে আনুমানিক ১০০ প্রার্থীকে নিয়ে ভুয়া নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। এরপর রাজশাহীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। একপর্যায়ে ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিভিন্ন পদে ৪২ জনকে চূড়ান্ত নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে একটি ভুয়া অফিস আদেশ প্রকাশ করা হয়। এভাবে চাকরি দেয়ার কথা বলে চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
রংপুর এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।