বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, বিএনপি চায় নম্র, ভদ্র, সৎ, শিক্ষক, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় অনেকেই দলে আসার চেষ্টা করবে। কিন্তু দুর্নীতিবাজদের জন্য এখানে কোনো জায়গা নেই।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ১৯৮১ সালে তাকে হত্যা করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। এরপর দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামে দেশ নতুন করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার সেই অগ্রযাত্রা থামিয়ে দিয়ে বাংলাদেশকে একনায়কতন্ত্রের হাতে তুলে দেয়।
রিজভীর দাবি, গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের কণ্ঠরোধ করেছেন। অনেক সাংবাদিক তার নির্যাতনে পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ নতুন করে স্বাধীনতার সুফল পাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে। এটি গণতন্ত্রের বিকাশে ইতিবাচক। তবে তিনি প্রশ্ন তোলেন, কেন তারা দলের প্রতীকের সঙ্গে ধানের শীষ প্রতীককে মেলাচ্ছে? ধানের শীষ তো বিএনপির জন্মলগ্ন থেকেই দলের প্রতীক।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাজহারুল আলম, যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ ও ছাত্রদলের সাবেক সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী চিলাই নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে সদস্য ফরম বিতরণ করা হয় ও নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।