রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাম পরিস্থিতি পরিদর্শনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক বলেন, হাম পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসোলেশন বেড বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে এবং সিটি করপোরেশনও সহযোগিতা করবে।
তিনি আরো বলেন, আগে থেকেই সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৮ হাজার শিশুকে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় রাজশাহীতে হামের প্রকোপ কম। সতর্ক থাকার কারণে বিদ্যমান টিকা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তারা মনে করছেন। তিনি জানান, শিশু হাসপাতালে ৩৭টি আইসিইউ বেডসহ মোট ৬৮টি বেড বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছরের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে আইসিইউ সুবিধায় স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, চলতি মৌসুমে হামের উপসর্গে এখন পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সন্দেহজনক হামে আক্রান্ত ১৪৯ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন।
পরিদর্শনের সময় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামসহ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।