জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা

সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে আটক, দাফন সম্পন্ন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে আটক করেছে পুলিশ।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে ঘটনার পরই পালিয়েছেন মূল অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তার সেলফোনও বন্ধ রয়েছে।

আটককৃতরা হলেন গোলাম কিবরিয়া সুমন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আইনাল হক, কফিল উদ্দিন, শহিদ ও ফজলু।

নিহত সাংবাদিক নাদিমের পরিবারের পক্ষ থেকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান ও তার ছেলে ফাহিম রিফাতের নামে মামলা করা হবে।’

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। বাবু চেয়ারম্যানকেও গ্রেফতারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’

এদিকে জামালপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংবাদিক নাদিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নাদিমের মরদেহ উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিকদের বিক্ষোভ: গোলাম রব্বানি নাদিম হত্যার মূল হোতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। গতকাল দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের দাফন শেষে বকশীগঞ্জ থানা ভবনের সামনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, জামালপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান।

আরও