আসন্ন রমজান মাসে ভোক্তাদের স্বল্পমূল্যে মাছ সরবরাহের পরিকল্পনা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশন (বিএফডিসি)। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএফডিসির কর্মকর্তারা।
বিএফডিসি সূত্রে জানা যায়, রমজান মাসে ভোক্তাদের স্বল্পমূল্যে মাছ সরবরাহের জন্য একটি প্রস্তাব আসে। সমুদ্রের জাহাজ মালিকরা একটি প্যাকেজের কথা বলেছেন। সেখানে এক কেজি মাঝারি সাইজের ইলিশ মাছ, এক কেজি সামুদ্রিক পোয়া মাছ, এক কেজি সামুদ্রিক চাপিলা মাছ, আধা কেজি বিএফডিসির রেডি ফিশ ও ১০০ গ্রাম শুঁটকির প্যাকেজ করা হবে। তবে প্যাকেজের মূল্য কত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ব্যবসায়ী ও বিএফডিসি কর্তৃপক্ষ।
বিএফডিসির একটি সূত্র বলছে, তিন-চার রকমের মাছ আর ১০০ গ্রাম শুঁটকি দিয়ে একটা প্যাকেজ করার কথা আলোচনা হচ্ছে। দাম ১ হাজার টাকার মধ্যে রাখা হবে। সম্ভব হলে দুটি প্যাকেজ হবে। ৫০০ টাকা দামের একটা প্যাকেজও রাখা যেতে পারে। সিদ্ধান্ত হতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিএমএফএর মহাসচিব মো. শাহজালাল বণিক বার্তাকে বলেন, ‘আমরা পাইকারি দামে বিএফডিসির মাধ্যমে ঢাকায় ইলিশ মাছ বিক্রি করি। এতে ভোক্তাদের ব্যাপক সাড়া পাই। ভোক্তাদের উৎসাহ দেখে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আমাদের বলেছেন, রমজান মাসে কীভাবে ভোক্তাদের কম দামে মাছ সরবরাহ করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে। তারপর আমরা আলোচনা করি, পাইকারি দামে সরাসরি ভোক্তার কাছে মাছ পৌঁছে দেয়া হবে। মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। পাইকারি কোনো মাছ আমরা ১০০ টাকা বিক্রি করলে সেটা ভোক্তা পর্যন্ত যেতে যেতে ২০০ টাকা হয়ে যায়। আমরা যদি সরাসরি ভোক্তার হাতে মাছ পৌঁছাতে পারি তাহলে সেটা হয়তো ১২০ টাকায় ভোক্তা কিনতে পারবে। আমরা চিন্তা করছি, কম দামে কীভাবে ভোক্তার কাছে মাছ পৌঁছানো যায়।’
তিনি আরো বলেন, ‘এটা প্যাকেজভিত্তিক হবে, না কীভাবে হবে আর প্যাকেজ হলে সেটার দাম কী হবে, এ নিয়ে আলোচনা হচ্ছে। আগামী সপ্তাহে এ-সংক্রান্ত আমাদের একটা সভা হবে। সে সভার পর আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব।’
স্বল্পমূল্যে মাছ সরবরাহের বিষয়ে জানতে চাইলে বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস বণিক বার্তাকে বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে পাইকারি মূল্যে ভোক্তাদের হাতে পৌঁছে দেয়ার। এতে বাজার থেকে প্রায় অর্ধেক মূল্যে মাছ কেনা যাবে। তারা একটা প্যাকেজের কথা বলেছে। তবে প্যাকেজের মূল্য এখনো নির্ধারিত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’