দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৬৩৩ টাকা। এতে ভ্যাটসহ দাম পড়বে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে আজ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
এর আগে গত ১১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ১ হাজার ১০৮ টাকা।
এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রৌপ্যের দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৫ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম তিন হাজার ১৫৯ টাকা।