ঈদুল
আজহার বাকি আর মাত্র দুদিন।
কয়েকদিন ধরে দেশের প্রধান নৌ-রুট রাজবাড়ীর
দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া
ফেরিঘাট ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পশুবাহী ট্রাক রাজধানীসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। অন্যবারের তুলনায় অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরিতে উঠে গন্তব্যে যেতে পারছে এবার পশুবাহী ট্রাকসহ যানবাহন। ভোগান্তি ছাড়াই পদ্মা পার হতে পেরে খুশি গরুবাহী যানবাহন চালক ও ব্যাপারীরা।
গতকাল বিকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে কোরবানির পশুবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাট এলাকায় নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী।
ট্রাকচালকরা জানান, ঘাটে দালাল ছাড়াই নিজেরা সরকারনির্ধারিত দামে ফেরি পারাপারের টিকিট কিনতে পারছেন। যানজট ছাড়াই নিরাপদে ফেরিতে উঠতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নূর আহাম্মাদ ভূঁইয়া বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৮টি ও দৌলতদিয়া প্রান্তে চারটি ঘাট দিয়ে যান পারাপার করা হচ্ছে। আশা করছি, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।’