ওয়েস্টিনে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

গত দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। সেখানে গিয়ে দেখতে পায়, জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে।

রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন। কিন্তু গত দুই দিন ধরে কোনো খাবারের অর্ডার না আসায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ বিষয়ে মার্কিন দূতাবাস ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশ সেখানে গিয়ে মৃত অবস্থায় ওই মার্কিন নাগরিকের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে।

গুলশান থানার ওসি বলেন, ‘জ্যাকসনের মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।’

আরও