বরিশালের উজিরপুরে দোয়ারিকা ও শিকারপুর সেতু এলাকায় গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছিল। রোববার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে শুরু হওয়া এ অবরোধে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত আনুমানিক ২টার দিকে সেতু এলাকায় জড়ো হন। পরে তারা যন্ত্রের সাহায্যে ছোট গাছ কেটে মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলে দেন। এতে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে যান।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে কাটা গাছগুলো সরিয়ে ফেলা হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসও সহায়তা করে। প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, আওয়ামী লীগের লোকজন কয়েকটি গাছ কেটে সড়কে ফেলে রেখেছিলেন। তবে দ্রুত সরিয়ে ফেলায় ভোর ৪টার মধ্যে সড়ক সচল করা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।