থ্রি- হুইলার ও ইজিবাইক চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং ট্রাফিক সিগন্যাল সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের প্রাণহানি হচ্ছে। এছাড়া মারাত্মক আহত হয়ে সারা জীবনের মত পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ। দুর্ঘটনা রোধে তাই চুয়াডাঙ্গায় থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে জেলার ট্রাফিক বিভাগ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক হোয়াটস অ্যাপ বার্তায় জানান, তার দিকনির্দেশনায় পথচারীদের দুর্ভোগ লাঘবের লক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ হাসান চত্বর পুলিশ বক্সে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। কর্মশালায় ইজিবাইক ড্রাইভারদের রাস্তায় চলাচলে নিয়মকানুন, ট্রাফিক সিগন্যাল,দুর্ঘটনা প্রতিরোধে তাদের করণীয় এবং সুশৃঙ্খলভাবে ড্রাইভিং প্রশিক্ষণের ওপর ধারণা দেয়া হয়।
এ সময় আমিরুল ইসলাম (টিআই প্রশাসন), ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারওয়ার খাঁন, ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক ও সার্জেন্ট নবাব আলী উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।