ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জামির আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। একপর্যায়ে ইয়ানুরের হাতে থাকা একটি রড অসাবধানতাবশত পাশের বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসার উল্লাহ হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতাবশত রড বিদ্যুতের মূল লাইনের তারে লেগে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।