যশোরের ঝিকরগাছায় আহত একটি হনুমান নিজেই পশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করেছিল। এরপর থেকেই প্রাণীটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিল। এর আগে, সে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায়ও গিয়েছিল।
পরে রোববার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও পশু হাসপাতাল খুঁজে পায় হনুমানটি। প্রথমে এটি হাসপাতালের চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে সেখানে না থেকে ফার্মেসি কক্ষে ঢুকে পড়ে।
সেখানে গিয়ে বিভিন্ন ওষুধ খুলে নাকে নিয়ে গন্ধ নেয় এবং কিছু খায়। পরে চিকিৎসকরা ক্ষতস্থান ড্রেসিং করার কথা বললে হনুমানটি রাজি হয়। ভায়োডিন দিয়ে ক্ষত পরিষ্কার করার সময় প্রাণীটি পুরোপুরি শান্ত ছিল।
চিকিৎসক মাসুমা আখতার আরো জানান, পুরো সময় হনুমানটি একজন বাকপ্রতিবন্ধী মানুষের মতো আচরণ করেছে। চিকিৎসা শেষে তাকে প্রয়োজনীয় সেবা দেয়া হয়। বর্তমানে সে পর্যবেক্ষণে রয়েছে।