গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

সম্প্রতি একই এলাকার তালচালা গ্রামে মিনহাজ উদ্দিনের ছেলে আবু বকরের চারটি এবং ইছব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের চারটি গরু চুরি হয়। এরপর থেকেই স্থানীয়রা রাত জেগে তাদের গবাদিপশু পাহারা দিচ্ছিলেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দেয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

নিহতরা হলেন— গাজীপুর জেলার শ্রীপুর থানার বদনীভাঙ্গা এলাকার সরাফত আলীর ছেলে আজাহারুল ইসলাম (৩৬), সিলেট জেলার কোতোয়ালি থানার ঘাশিটোলা (মোস্তাক মিয়ার কলোনি) এলাকার কমলা কান্তের ছেলে কৃষ্ণ (৪২) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে সেলিম (৩৮)। তারা সবাই আন্তজেলা গরুচুরি চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছিল। ভোরে একটি ট্রাক নিয়ে কয়েকজন ব্যক্তি বাগচালা এলাকায় গরু চুরির উদ্দেশ্যে আসে বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি শহীদুল ইসলাম বলেন, ‘গরুচোর সন্দেহে স্থানীয় লোকজন তিনজনকে মারধর করে। এতে তাদের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন পালিয়ে গেছে। ঘটনাস্থলে একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আজাহারুল ইসলাম আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া তাকে আগে থেকেই এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বলেও দাবি করেন ওসি শহীদুল।

সম্প্রতি একই এলাকার তালচালা গ্রামে মিনহাজ উদ্দিনের ছেলে আবু বকরের চারটি এবং ইছব আলীর ছেলে আব্দুর রাজ্জাকের চারটি গরু চুরি হয়। এরপর থেকেই স্থানীয়রা রাত জেগে তাদের গবাদিপশু পাহারা দিচ্ছিলেন।

আরও