এমটিবির মামলা

মোরশেদ খানসহ প্যাসিফিক টেলিকমের পাঁচ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মামলা সূত্রে জানা যায়, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (পিবিটিএল) প্রধান ঋণগ্রহীতা ও করপোরেট গ্যারান্টার হিসেবে এমটিবি থেকে বিভিন্ন ঋণের সুবিধা গ্রহণ করেছিল।

খেলাপি ঋণ উদ্ধার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) পাঁচ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তাও (সিএফও) রয়েছেন।

বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) দায়ের করা প্রায় ৬৮ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় সম্প্রতি এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাজধানীর অর্থঋণ আদালত-৭-এর বিচারক মো. ফরিদ উদ্দীন এ আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফরিকুল হাসান, পরিচালক নাসরিন খান, পরিচালক এম মোরশেদ খান ও আসগর করিম।

মামলা সূত্রে জানা যায়, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (পিবিটিএল) প্রধান ঋণগ্রহীতা ও করপোরেট গ্যারান্টার হিসেবে এমটিবি থেকে বিভিন্ন ঋণের সুবিধা গ্রহণ করেছিল। নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটি ২০১৮ সালের ৫ জুলাই অর্থঋণ আদালতে একটি মামলা করে। ওই মামলায় ব্যাংকের পাওনা দাবি করা হয় ৬৮ কোটি ৭৬ লাখ টাকা।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৩ মে আদালত ব্যাংকের পক্ষে রায় দেন। পরে রায়ের ডিক্রি বাস্তবায়ন ও পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে গত ২৭ জুলাই ব্যাংকটি একটি অর্থঋণ জারি মামলা দায়ের করে। এ মামলার কার্যক্রম চলাকালে আদালতের রায় ও ডিক্রির দায় এড়াতে না পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও