বাগেরহাটে বাসচাপায় শিক্ষকের মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে আছাদুর রহমান নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে তিনি ওই বিদ্যালয়ে যোগ দেন। তিনি কচুয়ার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পালিয়ে যায় বাসের চালক ও সহকারী। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেন। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেলে বিদ্যালয়ে আসছিলেন আছাদুর রহমান। পথে বাসের চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে ও দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আরও