মুন্সিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টা ১৮ মিনিটের দিকে বাসটি শ্রীনগরের হাঁসাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি খাদে পড়ে যায়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার ভোরে শ্রীনগরের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পানিভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টা ১৮ মিনিটের দিকে বাসটি শ্রীনগরের হাঁসাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার রোকনুজ্জামান রঞ্জু (৫৭), হেলপার চঞ্চল বিশ্বাস (২৩) ও যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২) নিহত হন। নিহত তিনজনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় আহত ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, গভীর রাতে চালকের ঘুম ঘুম ভাব ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতদের পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। চালক গুরুতর অসুস্থ থাকায় পরিবহনসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

আরও